ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

নিম্ন আয়ের মানুষের হরলিক্স প্রীতিতে ইউনিলিভারের বাজিমাত

২০২৬ মার্চ ০৬ ২৩:২৩:৪৭
নিম্ন আয়ের মানুষের হরলিক্স প্রীতিতে ইউনিলিভারের বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ২০২৫ সালে তাদের মুনাফায় ১৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। মুদ্রাস্ফীতির চাপ কমে আসায় বাজারে হরলিক্সের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই অভাবনীয় সাফল্য পেয়েছে কোম্পানিটি। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৬৬ কোটি ৮০ লাখ টাকা।

২০২৪ সালে দুই অঙ্কের মুদ্রাস্ফীতির কারণে হরলিক্সের বিক্রিতে বড় ধস নামলেও গত বছরের শেষ চার প্রান্তিকে তা ধারাবাহিকভাবে বেড়েছে। মুদ্রাস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসায় মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ইউনিলিভারের চেয়ারম্যান মাসুদ খান জানান, বিশেষ করে ছোট প্যাকের হরলিক্সের বিক্রি ব্যাপকভাবে বেড়েছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী। কোম্পানির মোট রাজস্বের ৯০ শতাংশই আসে হরলিক্স থেকে। এছাড়াও শিক্ষার্থীদের লক্ষ্য করে বিপণন কৌশল এবং ২০২৪-এর মাঝামাঝিতে আনা নতুন ভ্যারিয়েন্ট এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপেএস) আগের বছরের ৩৪ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে ৪১ টাকা ২১ পয়সায় দাঁড়িয়েছে। তবে মুনাফা বাড়লেও কোম্পানিটি গত বছরের ৫২০ শতাংশের তুলনায় এবার ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ৪২ টাকা ডিভিডেন্ড পাবেন, যেখানে আয় হয়েছে ৪১ টাকা ২১ পয়সা। কোম্পানিটি তাদের বার্ষিক মুনাফার প্রায় পুরোটাই এবং জমানো তহবিল থেকে কিছু অংশ মিলিয়ে মোট ৮০ কোটি ৯০ লাখ টাকা ডিভিডেন্ড হিসেবে বিতরণ করবে। উল্লেখ্য, কোম্পানিটির ৯২.৮ শতাংশ শেয়ার স্পন্সর-পরিচালকদের হাতে থাকায় ডিভিডেন্ডের সিংহভাগ তারাই পাবেন।

এদিকে, রাজস্ব ৬ শতাংশ বেড়ে ৩৫৮ কোটি টাকায় পৌঁছালেও কোম্পানির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো নেতিবাচক ২১ টাকা ৪৫ পয়সায় নেমেছে, যা আগের বছর ২৫ টাকা ৬২ পয়সা (পজিটিভ) ছিল। মূলত সরবরাহকারীদের পাওনা পরিশোধ এবং সংগ্রহের পরিমাণ কমায় এটি হয়েছে। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য (এনএভি) আগের বছরের ১২৬ টাকা ৮৩ পয়সা থেকে কমে ১১৬ টাকা ৩ পয়সায় দাঁড়িয়েছে।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ১৯৭৬ সাল থেকে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) নামে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০২০ সালে ইউনিলিভার ২০০০ কোটি টাকার বিনিময়ে জিএসকের মালিকানা কিনে নেওয়ার পর এর নাম পরিবর্তন করা হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে