ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশে আসছেন ভারতীয় তারকারা মুখ খুললেন রুবাবা দৌলা

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১২:০৪:১২
বাংলাদেশে আসছেন ভারতীয় তারকারা মুখ খুললেন রুবাবা দৌলা

নিজস্ব প্রতিবেদক : মেয়েদের বিপিএল আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভেন্যু হিসেবে রাখা হয়েছে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে আইকন হিসেবে রাখা হবে এবং তিনটি দলকে তারাই নেতৃত্ব দেবেন। শুরু থেকেই জানানো হয়েছিল, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসরে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

এ প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে চুক্তি সম্পন্ন করবে। ইতোমধ্যে কয়েকজন পরিচিত বিদেশি তারকা আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি। তার ভাষ্য, “আমরা সবার জন্য উন্মুক্ত। কোনো নির্দিষ্ট দেশের ওপর নিষেধাজ্ঞা নেই। যে কেউ আগ্রহ দেখালে এবং কোনো দল তাকে নিতে চাইলে সুযোগ থাকবে।”

বিদেশি লিগে সাধারণত পুরুষ ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণে বিধিনিষেধ থাকলেও নারী ক্রিকেটে সেই সীমাবদ্ধতা নেই। ফলে স্মৃতি মান্দানা বা হরমনপ্রিত কৌর-এর মতো তারকারা বিভিন্ন বিদেশি লিগে খেলেন। তবে তারা বাংলাদেশের মাটিতে খেলতে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের প্রেক্ষাপটও এ ক্ষেত্রে আলোচনায় রয়েছে।

প্রসঙ্গত, তিন দলের অংশগ্রহণে ৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হবে নারী বিপিএলের প্রথম আসর। চারটি ক্যাটাগরিতে হবে ক্রিকেটারদের ড্রাফট। সর্বোচ্চ আইকন ক্যাটাগরির দেশি ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা পারিশ্রমিক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে