ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গভর্নরকে ‘স্বৈরাচার’ বলা তিন কর্মকর্তাকে বদলি

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৯:৫৩:৩০
গভর্নরকে ‘স্বৈরাচার’ বলা তিন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ এবং গভর্নর আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তারা ঢাকার বাইরে স্থানান্তরিত হন। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, যাতে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

বদলি হওয়া তিন কর্মকর্তা হলেন: নওশাদ মোস্তফা, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক; এ কে এম মাসুম বিল্লাহ, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি; এবং গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক। নওশাদ মোস্তফা বরিশাল অফিসে, মাসুম বিল্লাহ রংপুরে এবং গোলাম মোস্তফা বগুড়া অফিসে বদলি করা হয়েছে। তারা সবাই নীল দলের নেতা হিসেবে পরিচিত; নওশাদ মোস্তফা নীল দলের সাধারণ সম্পাদক।

জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে আকস্মিকভাবে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে তারা গভর্নরের ব্যক্তিগত পছন্দে কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা নিয়োগ, দুর্বল ব্যাংকের একীকরণ উদ্যোগ এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রক্রিয়ার মতো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তারা গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেন। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, এ ধরনের পদক্ষেপ ব্যাংক খাতে অস্থিরতা ছড়ানোর চেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী, কর্মকর্তারা সংবাদ সম্মেলন, সভা বা বিবৃতি দেওয়ার আগে গভর্নরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো আপত্তি থাকলে অভ্যন্তরীণ ফোরামে আলোচনার সুযোগ থাকে, কিন্তু প্রকাশ্যে সংবাদ সম্মেলন করা যায় না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, “তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে