ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোটকর্মীদের ভাতা কর্তন নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউএনও

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১০:২৩:১২
ভোটকর্মীদের ভাতা কর্তন নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভাতা থেকে জনপ্রতি ২০০ টাকা কর্তনের অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের বিধান অনুযায়ী নিয়ম মেনেই এ কর্তন করা হয়েছে।

জানা গেছে, পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত তারাগঞ্জ উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন ৪৩ জন প্রিজাইডিং অফিসার, ২৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৮৮ জন পোলিং অফিসার।

প্রিজাইডিং অফিসারদের নির্ধারিত ৮ হাজার টাকা সম্মানি থেকে ১০ শতাংশ উৎস কর কেটে ৭ হাজার ২০০ টাকা প্রদান করা হয়। একইভাবে সহকারী প্রিজাইডিং অফিসারদের ৬ হাজার টাকা থেকে ১০ শতাংশ কেটে ৫ হাজার ৪০০ টাকা এবং পোলিং অফিসারদের ৪ হাজার টাকা থেকে ১০ শতাংশ কেটে ৩ হাজার ৬০০ টাকা দেওয়া হয়।

এছাড়া প্রত্যেক কর্মকর্তার জন্য ১ হাজার টাকা যাতায়াত ভাতা বরাদ্দ ছিল। এ ভাতা থেকে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর—মোট ২০ শতাংশ (২০০ টাকা) কর্তন করা হয়েছে। মাস্টার রোলে এ কর্তনের বিষয়টি উল্লেখ রয়েছে এবং ভাতাগ্রহীতাদের স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

ইউএনও মো. মোনাব্বর হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এবং ভ্যাট আইন, ২০২৩ অনুযায়ী এ কর্তন করা হয়েছে। সরকারি আর্থিক বিধান অনুযায়ী সম্মানিতে ১০ শতাংশ আয়কর এবং পরিবহন ব্যয়ে ভ্যাট ও আয়কর প্রযোজ্য।

দেরিতে অর্থ জমা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হিসাব-নিকাশ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই ১৭ ফেব্রুয়ারি ব্যাংকিং সময়ে ভ্যাট ও আয়করের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে