ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১০:০১:১৮
ঢাকার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী বাড়ছে বায়ুদূষণ। প্রতিদিনই ধীরে ধীরে বাসযোগ্যতা হারাচ্ছে বিশ্বের মেগাসিটিগুলো। এ তালিকায় সামনের দিকেই রয়েছে ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান নিয়ে উদ্বেগ কয়েক বছর ধরেই অব্যাহত। মাঝেমধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সম্প্রতি শহরটিতে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে বায়ুদূষণ।

এই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার বাতাস ‘বিপর্যয়কর’ পর্যায়ে পৌঁছেছে। সকাল সাড়ে ৯টার দিকে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ৩২২।

একই সময়ে বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে ছিল কেবল পাকিস্তানের লাহোর। বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা লাহোরের একিউআই স্কোর ছিল ৪০৪।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে একিউআই স্কোর ২১২। চতুর্থ স্থানে ভারতের আরেক শহর দিল্লি, যার স্কোর ২০৮। এছাড়া ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কাতারের দোহা। স্কোর অনুযায়ী, এই তিন শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ থেকে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত—তার লাইভ সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ পর্যায়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করে।

ঢাকার বর্তমান একিউআই স্কোর ৩২২ হওয়ায় নগরবাসীর জন্য পরিস্থিতি চরম উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া ব্যক্তি কিংবা কর্মস্থলে যাওয়ার জন্য বাইরে বের হওয়া মানুষদের শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষাক্ত কণা ফুসফুসে প্রবেশের ঝুঁকি বাড়ছে।

পরিবেশবিদদের মতে, শুষ্ক মৌসুমে নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া এবং আশপাশের ইটভাটার দূষণ ঢাকার বায়ুকে মারাত্মকভাবে দূষিত করছে। বর্তমান এই ‘বিপর্যয়কর’ পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে বায়ুদূষণের পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে