ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মন্ত্রিসভার ৪৬ জন উচ্চশিক্ষিত, পিএইচডি আছে ৩ জনের

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১১:৩৫:৩৮
মন্ত্রিসভার ৪৬ জন উচ্চশিক্ষিত, পিএইচডি আছে ৩ জনের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সিংহভাগ সদস্যই উচ্চশিক্ষিত ও পেশাগতভাবে প্রতিষ্ঠিত। ৫০ সদস্যের এই মন্ত্রিসভার শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণে দেখা গেছে, ৪৬ জনই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে তিনজন পিএইচডি ডিগ্রিধারী এবং দুজন বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীসহ ৪৯ জন সদস্য শপথ নেওয়ার পর প্রকাশিত হলফনামার তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।

নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। শিক্ষাগত দিক থেকে প্রধানমন্ত্রী নিজে এইচএসসি পাস। এছাড়া একজন এইচএসসি পাস, দুজন এসএসসি পাস এবং একজন স্বশিক্ষিত সদস্য রয়েছেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী, শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন।

পিএইচডি ডিগ্রিধারী তিনজনের মধ্যে আ ন ম এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রী, খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী এবং এম এ মুহিত স্বাস্থ্য ও আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পেশাগত পটভূমি বিশ্লেষণে দেখা যায়, মন্ত্রিসভার বড় একটি অংশ ব্যবসায়ী। ৫০ সদস্যের মধ্যে ৩১ জনই তাদের প্রধান পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন, যা মোট সদস্যের ৬২ শতাংশ। ব্যবসায়ীদের পরেই রয়েছেন আইনজীবীরা—সংখ্যা সাতজন। এছাড়া প্রধানমন্ত্রীসহ মাত্র দুইজন সদস্য সরাসরি ‘রাজনীতি’কে পেশা হিসেবে উল্লেখ করেছেন।

বয়সের হিসাবে মন্ত্রিসভার সদস্যদের গড় বয়স ৫৯ দশমিক ৬১ বছর। সদস্যদের মধ্যে ৩৯ জনের বয়স ৫০ বছরের বেশি, যা মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ। ৪১ থেকে ৫০ বছর বয়সী আছেন আটজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন মাত্র দুজন। প্রবীণতম সদস্য ৮১ বছর বয়সী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং কনিষ্ঠতম সদস্য ৩১ বছর বয়সী নুরুল হক নুর। প্রধানমন্ত্রীর বর্তমান বয়স ৫৭ বছর।

উল্লেখ্য, টেকনোক্র্যাট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সুনির্দিষ্ট বয়স জানা না গেলেও তথ্যে উল্লেখ রয়েছে যে তিনি ১৯৬৯ সালে এসএসসি পাস করেছেন। সামগ্রিকভাবে, নতুন মন্ত্রিসভায় প্রবীণ অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে