ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১১:০১:১৫
বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারকে মারধর ও মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই আব্দুল মান্নান তালুকদার বাদী হয়ে গৌরীপুর পৌর থানায় মামলা দায়ের করেন।

আব্দুল মান্নান তালুকদার বলেন, বুধবার দুপুরে তিনি গৌরীপুর থেকে অটোরিকশায় ময়মনসিংহ যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কাজীয়েল হাজাত মুন্সী শাহী তার অটোরিকশার গতিরোধ করেন। পরে তাকে নামিয়ে কিল-ঘুষি মারেন এবং জোর করে একটি সেলুনে নিয়ে যান। সেখানে তার মাথা ন্যাড়া করে এবং ভ্রু কেটে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, ঘটনাটি প্রথমে লোকলজ্জার ভয়ে প্রকাশ করেননি। তবে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ন্যাড়া মাথার ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে হামলা-মামলা ও কারাবরণ করলেও এমন অপমানের শিকার হননি। তিনি দাবি করেন, ‘ঘোড়া’ প্রতীকে নির্বাচন করাই ছিল তার ‘অপরাধ’।

অভিযোগ অস্বীকার করে কাজীয়েল হাজাত মুন্সী শাহী বলেন, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বিএনপির সুনাম নষ্ট করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

ময়মনসিংহ-৩ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান বলেন, আব্দুল মান্নান তালুকদার বিগত সরকারের আমলে কারাবরণকারী ও একাধিক মামলার আসামি ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের শপথ গ্রহণের পরদিনই এমন ঘটনা ঘটায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে