ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ০০:০১:১০
শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ার দর কারসাজির দায়ে সিটি ব্যাংক, প্রতিষ্ঠানটির সাবেক ফান্ড ম্যানেজার এবং আরও পাঁচ ব্যক্তিকে বড় অঙ্কের জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানুয়ারির এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, এই কারসাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া এবং বাজারের শৃঙ্খলা নষ্ট করার দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৪ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত মাত্র পাঁচ মাসে অগ্নি সিস্টেমসের শেয়ার দর ২৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪১ টাকা ২০ পয়সায় উন্নীত করা হয়, যা ছিল প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি। বিএসইসির তদন্তে দেখা গেছে, সিটি ব্যাংকের তৎকালীন পোর্টফোলিও ম্যানেজার সানোয়ার খান তার পদ ও প্রভাব ব্যবহার করে নিজ নামে এবং স্ত্রী ও ভাইয়ের অ্যাকাউন্টে এই কারসাজি চালিয়েছেন। এতে ব্যাংকটির ১ কোটি ৫৫ লাখ টাকা মূলধনী ক্ষতি হলেও সানোয়ার ও তার পরিবার প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মুনাফা হাতিয়ে নিয়েছে।

শাস্তি হিসেবে সানোয়ার খানকে ১ কোটি ৫১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার স্ত্রী আসমাউল হুসনাকে ১ লাখ টাকা এবং ভাই আনোয়ার পারভেজ খানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। কারসাজিতে জড়িত অন্য তিন ব্যক্তি—আবু তাহের শিকদারকে ৬২ লাখ, উম্মে সালমা নিপাকে ২ লাখ এবং বিপ্লব শেখকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন। সিটি ব্যাংককেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিটি ব্যাংক জানিয়েছে, সানোয়ার খান তার ব্যক্তিগত এবং স্বজনদের ট্রেডিংয়ের তথ্য গোপন রেখেছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে তাকে পদ থেকে অপসারণ করা হয়। ব্যাংকটি আরও দাবি করেছে, কারসাজির বিষয়ে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং এটি কেবল পোর্টফোলিও ম্যানেজারের ব্যক্তিগত অপরাধ।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে