ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচন ও গণভোটের ফলাফলের বড় ইঙ্গিত ইসির

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৫:২৩:০৩
নির্বাচন ও গণভোটের ফলাফলের বড় ইঙ্গিত ইসির

নিজস্ব প্রতিবেদক : ভোটগ্রহণের পরদিন সকালেই দেশের অধিকাংশ আসনের ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ভোট শেষ হওয়ার পর রাতেই গণনা শুরু হবে এবং পরদিন সকাল নাগাদ অধিকাংশ আসনের ফলাফল পাওয়া যাবে।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সাধারণত গ্রহণযোগ্য হয়—বাংলাদেশ ১৯৯১ সাল থেকে এ ক্ষেত্রে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছে। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকায় আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে দেশ। বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে, যা কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত বলে তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, এবারের নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক নির্বাচনের তুলনায় এবারের পরিবেশ সবচেয়ে ভালো, যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, প্রায় ৯ লাখ ৫০ হাজার জনবল মাঠে মোতায়েন রয়েছে। প্রথমবারের মতো ইউএভি (ড্রোন), বডি ওর্ন ক্যামেরা এবং সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তা শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ১৩ ডিসেম্বর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় প্রায় ৯০০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বড় ধরনের কোনো হুমকি নেই।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে তিনি বলেন, কেন্দ্রের ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে, তবে লাইভ সম্প্রচার বা সাক্ষাৎকার গ্রহণ করা যাবে না। ভোট দেওয়ার সময় ভোটাররা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

ইসি জানিয়েছে, গণভোটের ফলাফলও একইভাবে গণনা করা হবে এবং এতে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক। পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন ইসি সানাউল্লাহ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে