ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সচিবদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা 

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৭:৪০:৫৪
সচিবদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে প্রায় ৭০ জন সচিবের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বিগত নির্বাচনের অভিজ্ঞতাকে “ফেক” হিসেবে অভিহিত করে এবারের ভোটকে স্বচ্ছ ও ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন, “আগের নির্বাচনগুলো আসলে জনগণের অংশগ্রহণহীন এবং আন্তর্জাতিক মানের পর্যবেক্ষকবিহীন ছিল। এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে, এবং রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন আনবে।”

তিনি প্রবাসীদের ভোটের প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকে বিশেষ সাফল্য হিসেবে উল্লেখ করেন। ড. ইউনূস বলেন, “প্রবাসীরা রাজনৈতিক প্রক্রিয়ায় আগামি সময়ে আরও সক্রিয় ভূমিকা রাখবে, যা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। বিদেশ থেকে পর্যবেক্ষক আগমনের মাধ্যমে বিশ্ববাসীর গণতন্ত্রে আস্থা ফিরেছে।”

প্রধান উপদেষ্টা সচিবদের জানান, ভোটকে আরও স্বচ্ছ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ২৫,৭০০ বডি-ওর্ন ক্যামেরা এবং সিসিটিভি সব ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে চালু করা হয়েছে ‘নির্বাচন’ ও ‘নির্বাচন বন্ধু’ অ্যাপ।

ড. ইউনূস আশা প্রকাশ করেন, প্রবাসী ভোট ও প্রযুক্তির এই ব্যবহারের মাধ্যমে নির্বাচন অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে। এছাড়াও, তিনি জাপানের সঙ্গে ইপিএ চুক্তি ও ভবিষ্যতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দেশের অর্থনীতি ও তরুণদের কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন।

বৈঠকে সচিবরা প্রধান উপদেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানিয়েছেন, বিগত ১৮ মাসে রাষ্ট্র সংস্কারে সচিবদের আন্তরিক সহযোগিতা এবং পেশাদারিত্বের জন্য ধন্যবাদ প্রদান করেছেন।

বৈঠকের সমাপ্তিতে মন্ত্রিপরিষদ সচিবের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা সচিবদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে