ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দেশে না ফেরার আসল কারণ ফাঁস করলেন সাদ্দাম

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১১:২৬:১২
দেশে না ফেরার আসল কারণ ফাঁস করলেন সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বড় অংশ বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। আসন্ন নির্বাচনের আগে তারা দেশে ফেরার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। নির্বাসিত এসব নেতার দাবি, দেশে ফিরলে তাদের হত্যা করা হতে পারে।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি জানান,‘কারাগারে যাওয়ার ভয়েই আমরা কলকাতায় আছি—বিষয়টি এমন নয়। আমরা এখানে আছি, কারণ দেশে ফিরলে আমাদের হত্যা করা হবে।’

নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তনের পরিকল্পনা অনেকটাই নির্ভর করছে আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফলের ওপর। তাদের ধারণা, এই নির্বাচন দেশে কোনো স্থিতিশীলতা বা শান্তি আনবে না। বরং এর ব্যর্থতার পর জনগণ আবার আওয়ামী লীগের দিকেই ফিরে তাকাবে। সে কারণেই তারা দলের নেতাকর্মীদের নির্বাচন বর্জনের নির্দেশ দিচ্ছেন।

এ বিষয়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন,‘আমরা আমাদের কর্মীদের নির্বাচনসংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে দূরে থাকতে, প্রচার ও ভোট বর্জন করতে এবং এই প্রহসনের অংশ না হতে বলছি।’

নির্বাসিত নেতারা মনে করছেন, ভারতে তাদের অবস্থান দীর্ঘস্থায়ী হবে না। তাদের বিশ্বাস, অল্প সময়ের মধ্যেই তারা দেশে ফিরতে পারবেন। যদিও সে ক্ষেত্রে কিছুদিন কারাবাস করতে হতে পারে, তবে দীর্ঘ সময় জেলে থাকতে হবে না।

কলকাতায় অবস্থানরত সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন,‘এখন আমাদের জন্য পরিস্থিতি খুব খারাপ। কিন্তু আমি মনে করি না, এটা বেশি দিন চলবে।’

উল্লেখ্য, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনদাবির মুখে আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বিভিন্ন অভিযোগে দলটির বহু নেতাকর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, তারা নিজেদের কর্মকাণ্ডে অনুতপ্ত নয়। এমনকি জুলাইয়ের গণঅভ্যুত্থানকেও তারা জনগণের বিদ্রোহ হিসেবে মানতে রাজি নয়; বরং এটিকে একটি ক্ষুদ্র গোষ্ঠীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে দলটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে