ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

কন্টেইনার হ্যান্ডলিং ও ভাড়া কমায় সামিট পোর্টের আয়ে টান

২০২৬ ফেব্রুয়ারি ০২ ২২:৫৫:৪৮
কন্টেইনার হ্যান্ডলিং ও ভাড়া কমায় সামিট পোর্টের আয়ে টান

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল ও লজিস্টিকস অপারেটর সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বড় ধরনের ব্যবসায়িক পতনের মুখে পড়েছে। প্রধানত রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হ্রাস এবং ফ্রেইট রেট বা জাহাজ ভাড়া কমে যাওয়ার কারণে কোম্পানিটির রাজস্ব ও মুনাফা উভয়ই উল্লেখযোগ্য হারে কমেছে।

শেয়ারবাজারে দেওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির কনসোলিডেটেড রাজস্ব গত বছরের তুলনায় ২৮ শতাংশ কমে ৩২২ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে নিট মুনাফা ৩৭ শতাংশ কমে হয়েছে মাত্র ২২ কোটি ৮২ লাখ টাকা।

আয়ের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়েও (ইপিএন)। প্রথমার্ধে সামিট পোর্টের ইপিএস দাঁড়িয়েছে ৯৬ পয়সা, যা গত বছরের একই সময়ে অনেক বেশি ছিল। এছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩৫ টাকা ৬৭ পয়সা থেকে কমে ৩৪ টাকা ৪৭ পয়সায় নেমে এসেছে।

সামিট অ্যালায়েন্স পোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেডের নিট মুনাফা কমে যাওয়া এবং সহযোগী প্রতিষ্ঠান থেকে ১৭ কোটি ৩২ লাখ টাকার ডিভিডেন্ড আয় না পাওয়ায় সামগ্রিক মুনাফায় এই ধস নেমেছে।

কোম্পানিটির অর্ধ-বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, আকাশ ও সমুদ্রপথে রপ্তানি হ্যান্ডলিং থেকে আয় ৩৮ শতাংশ কমে ১৯৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, জুলাই-ডিসেম্বর সময়ে দেশের সামগ্রিক রপ্তানি আয় ২.১৯ শতাংশ কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সামিট পোর্টের ব্যবসার ওপর। মূলত রপ্তানি কার্যক্রম স্থিমিত হয়ে পড়া এবং লজিস্টিকস ব্যবসায় তীব্র প্রতিযোগিতার কারণে কোম্পানিটির প্রফিট মার্জিন সংকুচিত হয়ে পড়েছে।

ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষ্যে সামিট পোর্ট বিশ্বখ্যাত জার্মান লজিস্টিকস প্রতিষ্ঠান ‘হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকস’-এর সাথে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হলেও বর্তমান বৈশ্বিক মন্দা সেই সুফলকে আড়াল করে দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে এই অংশীদারিত্ব শুরু হলেও রপ্তানি চাহিদা কমে যাওয়া এবং জাহাজ ভাড়া হ্রাস পাওয়ায় কোম্পানিটির ব্যবসায়িক ঝুঁকি বেড়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্লু-চিপ কোম্পানিটির মালিকানায় অ্যালায়েন্স হোল্ডিংস, সামিট হোল্ডিংস এবং বিশিষ্ট শিল্পপতি আজিজ খান ও জওহর রিজভী রয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, রপ্তানি বাজার ঘুরে না দাঁড়ালে এবং নতুন ক্যাশ প্রবাহ নিশ্চিত না হলে আগামী প্রান্তিকগুলোতেও আয়ের এই চাপ অব্যাহত থাকতে পারে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে