×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী

২০২৬ নভেম্বর ১৫ ১২:৪৬:৩০
বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী

নিজস্ব প্রতিবেদক: ডেটিং অ্যাপে পরিচয়, প্রায় এক বছর ধরে সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কানাডার এক নারী ও ভারতের হরিয়ানার এক ব্যক্তি। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কানাডা থেকে রাজস্থানে গেলেও শেষ পর্যন্ত বিয়ে করা হয়নি তার। নারীর বয়স ৬১ বছর জানার পর বিয়েতে অস্বীকৃতি জানান হবু বর। এ নিয়ে বিরোধের জেরে কানাডা দূতাবাসের সহায়তা চান ওই নারী। পরে দূতাবাসের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ঘটনাটি ভারতের রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানার। পুলিশ জানিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে ভারতে যাওয়ার পর বয়স নিয়ে বিরোধ তৈরি হলে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।

নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদবের বরাতে জানা গেছে, কানাডার ওই নারীর সঙ্গে হরিয়ানার পানিপথের বাসিন্দা নিতিনের পরিচয় হয় প্রায় এক বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। পরিচয়ের পর নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ের পরিকল্পনা অনুযায়ী, পর্যটক ভিসায় কানাডা থেকে ভারতে আসেন ওই নারী। গত ১১ নভেম্বর তিনি দিল্লিতে পৌঁছালে বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করেন নিতিন। পরে তাকে রাজস্থানের নিমরানায় নিয়ে যান তিনি। সেখানে নিতিনের চাচা ও চাচির একটি ফ্ল্যাটে ওঠেন তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই আবাসনে নিতিনের সঙ্গে দুই দিন অবস্থান করেন নারী। এ সময় বিয়ে নিয়ে তাদের মধ্যে কথাবার্তাও চলছিল। কিন্তু নারীর বয়স প্রায় ৬১ বছর জানার পর বিয়ের বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন নিতিন। তিনি বিয়েতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

বিয়ের পরিকল্পনা নিয়ে বিরোধের পর শুক্রবার (১৩ নভেম্বর) কানাডা দূতাবাসে যোগাযোগ করেন ওই নারী। সেখানে তিনি পুরো ঘটনা জানান। পরে দূতাবাসের কাছ থেকে খবর পেয়ে নিমরানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ওই নারী ও নিতিন—দুজনকেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানিয়েছে, নিতিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, কানাডীয় ওই নারীর থাকার ব্যবস্থা করা হয়েছে কোটপুতলির কোর সেন্টারে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিতিন পানিপথের বাসিন্দা এবং পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে