×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত

২০২৬ নভেম্বর ১৫ ০৯:৫৩:১৪
শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির পরিচালনা বোর্ড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১৭ কোটি টাকায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে, গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা একীভূত করতে ‘এসিআই আপন সার্ভিসেস লিমিটেড’ নামে নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে এসিআইয়ের পরিচালনা বোর্ড ।

১৭ কোটি টাকায় ২১০ শতাংশ জমি কিনবে অলিম্পিক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নির্মাণকাজ পরিচালনার জন্য জমি কেনার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কলতাপাড়া মৌজায় মোট ২১০ শতাংশ জমি কেনা হবে। এ জমির জন্য মোট ১৭ কোটি টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। জমিটি কোম্পানির নামে নিবন্ধন করা হবে।

জমির মালিক ঢাকার সূত্রাপুর থানার ওয়ারীর শামীবাগের ২৮ নম্বর কারাতিতলার বাসিন্দা আবুল বাশার। তিনি আব্দুল জলিল ও নুরুন নাহারের ছেলে। তার কাছ থেকেই জমিটি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

তবে জমির নির্ধারিত মূল্যের বাইরে রেজিস্ট্রেশনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ, ভ্যাট, ট্যাক্স ও সংশ্লিষ্ট চার্জও বহন করবে কোম্পানিটি। জমি কেনার মাধ্যমে ভবিষ্যতে নির্মাণকাজ ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নতুন সাবসিডিয়ারি গড়ছে এসিআই

এদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন একটি সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে। ‘এসিআই আপন সার্ভিসেস লিমিটেড’ নামে নতুন কোম্পানিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এসিআইয়ের ২৩৪তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন সাবসিডিয়ারি কোম্পানির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা।

নতুন কোম্পানিতে এসিআইয়ের মালিকানা থাকবে ৮৫ শতাংশ। অর্থাৎ প্রস্তাবিত কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক হবে এসিআই। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই কোম্পানিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসিআই সূত্রে জানা গেছে, নতুন সাবসিডিয়ারি কোম্পানিটি গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা একীভূত করবে। এর মাধ্যমে গ্রুপভুক্ত কোম্পানিগুলোর সেবাসংক্রান্ত কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে