×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল

২০২৬ সেপ্টেম্বর ২২ ০৭:৫৯:৪১
মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের অংশগ্রহণে একটি সভা আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো প্রকাশ্যে আসার পর মসজিদের ভেতরে এ ধরনের আয়োজনের ধরন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ আয়োজন হয়। স্থানীয় সূত্র ও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনার বকেয়া অর্থ পরিশোধে সহযোগিতা চেয়ে সংসদ সদস্যসহ স্থানীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

পরে অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে অতিথিদের বসার ব্যবস্থা করার বিষয়টি সামনে আসে। এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও সমালোচনা দেখা যায়।

তবে ঘটনাটিকে রাজনৈতিক সভা বা দলীয় কর্মসূচি হিসেবে উপস্থাপনের বিষয়টি অস্বীকার করেছেন অনুষ্ঠানে উপস্থিত রায়গঞ্জ উপজেলা বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলামের ভাষ্য, মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণেই তারা সেখানে যান এবং আয়োজকরা অতিথিদের বসার জন্য আগে থেকেই চেয়ার ও সোফার ব্যবস্থা করে রেখেছিলেন।

শামসুল ইসলামের দাবি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। সেখানে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, পরিচালনা ব্যয় এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আয়োজকদের ব্যবস্থাপনাতেই তারা অনুষ্ঠানে অংশ নেন বলে জানান তিনি।

রায়গঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদপত্রেও একই দাবি করা হয়েছে। এতে বলা হয়, মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে উন্নয়ন নিয়ে আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে সংসদ সদস্য ও স্থানীয় নেতারা অংশ নেন। সেখানে কোনো দলীয় সভা, মিছিল, স্লোগান বা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।

প্রতিবাদপত্রে আরও দাবি করা হয়, অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য ও স্থানীয় নেতারা মসজিদের মেঝেতে বসেছিলেন। পরে মসজিদ কর্তৃপক্ষের অনুরোধে তারা চেয়ার ও সোফায় বসেন। আলোচনা শেষে মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানে দাফন করা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মূলত চেয়ার-সোফায় বসা অবস্থায় অংশগ্রহণকারীদের দেখা যাওয়ায় আয়োজনটির ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে বিষয়টি নিয়ে একদিকে সমালোচনা, অন্যদিকে আয়োজনে উপস্থিত বিএনপি নেতাদের ভিন্ন ব্যাখ্যা—দুই ধরনের বক্তব্য সামনে এসেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে