ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!

২০২৬ আগস্ট ২১ ১৯:৩১:১৭
গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!

নিজস্ব প্রতিবেদক: মোবাইল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করার পর গণপিটুনি না দিয়ে ব্যতিক্রমীভাবে সংশোধনের সুযোগ দিয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা। ২০০ রাকাত নফল নামাজ আদায়ের শর্তে তাকে মুক্তি দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটক করেন। খবর ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে বাজারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়ার কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত মারধরের পথ বেছে না নিয়ে যুবককে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটক যুবকের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের শর্ত দেওয়া হয়। শর্ত মেনে ওই যুবক স্বেচ্ছায় নামাজ আদায় করেন এবং ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আটক যুবকের নাম তাজু মিয়া। তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাশপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, কোনো অপরাধের অভিযোগে কাউকে আটক করার পর উত্তেজিত জনতা অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই গণপিটুনিতে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হওয়া থেকে শুরু করে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। নোয়াপাড়া বাজারের ঘটনায় সেই পথ এড়িয়ে অভিযুক্ত যুবককে সংশোধনের সুযোগ দেওয়াকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন অনেকে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, বাজারের ঘটনায় যুবকটিকে পুলিশের কাছে সোপর্দ করা যেত। তবে মানবিক কারণে স্থানীয়রা যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে পুলিশের করণীয় থাকে না। তবে কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে