ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর আত্মীয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলছে ডিবি

২০২৬ আগস্ট ১২ ১৫:২৬:৫৫
প্রধানমন্ত্রীর আত্মীয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলছে ডিবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিগগিরই এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে ডিবির একাধিক দল বিভিন্ন দিক থেকে কাজ করছে। তদন্তে বেশ কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিগগিরই আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ঢাকা মহানগরে সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনা গোয়েন্দা পুলিশ সফলভাবে তদন্ত করে আসামিদের গ্রেফতার করেছে। একইভাবে উত্তরা থেকে সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‌্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করে। পরে গাড়িটিতে ধাক্কা দিয়ে থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া অর্থ ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

পেট্রোল পাম্পসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির অর্থ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো।

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির অর্থ পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। এ কারণে রোববার অন্যান্য দিনের তুলনায় বেশি পরিমাণ অর্থ ব্যাংকে নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনাটি তদন্তে ছিনতাইয়ের ধরন, টাকা বহনকারী গাড়ির গতিরোধ, মোটরসাইকেলে আসা ব্যক্তিদের পরিচয় এবং তাদের পালিয়ে যাওয়ার পথসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে ডিবি পুলিশ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে