ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

সামান্য পতনে দিন শেষ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা

২০২৬ আগস্ট ১২ ১৪:৫১:৪১
সামান্য পতনে দিন শেষ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: সামান্য সূচক পতনের মধ্য দিয়ে বুধবার (১২ আগস্ট) লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, আগের দিনের প্রায় ৫৯ পয়েন্টের উত্থান ছিল বাজারের জন্য ইতিবাচক সংকেত। সেই ধারাবাহিকতায় বুধবার লেনদেনের শুরুতেও বাজারে গতি দেখা যায়। তবে মধ্যাহ্নের পর ধীরে ধীরে লেনদেনের গতি কমতে থাকে। একপর্যায়ে সূচকের অবস্থানও নিচের দিকে নামতে শুরু করে।

এ সময় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়ে লেনদেনে অংশ নেন। ফলে বাজারে অংশগ্রহণ কমে যায়। বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রি না করায় দিনশেষে সূচক সামান্য কমলেও লেনদেনের পরিমাণে বড় কোনো ধস দেখা যায়নি।

বাজারসংশ্লিষ্টদের মতে, আগের দিন প্রায় ৫৯ পয়েন্ট বাড়ার পর বুধবারের এই সামান্য পতনকে খুব বেশি নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। আগামীকাল বাজার আবার ঊর্ধ্বমুখী হলে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়তে পারে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে আগের মতো বড় ধরনের দরপতনের আশঙ্কা স্পষ্ট নয়। তবে বাজারকে আরও স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থার বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি বাজার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৭ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০০ দশমিক ৪৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৯টির শেয়ারদর বেড়েছে, ২৩১টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে বুধবার মোট প্রায় ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৪১ কোটি ৬৯ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ১৭ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন সিএসইতে শেয়ার ও ইউনিটের লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি ২৪ লাখ টাকা।

সিএসইতে বুধবার লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১১৪টির দর কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৮ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই সূচক বেড়েছিল ১৬১ দশমিক ৬ পয়েন্ট।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে