ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

ভাইরাল ‘৪ দিনের ছুটি’ দাবির ব্যাখ্যা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

২০২৬ আগস্ট ০৫ ১২:৪৯:০২
ভাইরাল ‘৪ দিনের ছুটি’ দাবির ব্যাখ্যা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাবেন—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝখানের কর্মদিবসে অর্জিত ছুটি (Earned Leave) নিলে সংযুক্ত ছুটির একটি অংশও অর্জিত ছুটি হিসেবে গণনা হতে পারে।

সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটির পর ৬ আগস্ট এক দিনের ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ মিলবে। একই ধরনের আলোচনা ২৬ আগস্টের ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটিকেও ঘিরে চলছে।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) অনুযায়ী, সরকারি বা সাপ্তাহিক ছুটির মাঝখানে অর্জিত ছুটি নিলে তার আগে বা পরের সংযুক্ত ছুটির যেকোনো একটি অংশও কর্মচারীর অর্জিত ছুটির হিসাব থেকে কেটে নেওয়া হয়।

উদাহরণ হিসেবে তারা জানান, ৫ আগস্ট সাধারণ ছুটি, ৬ আগস্ট কর্মদিবস এবং ৭ ও ৮ আগস্ট সাপ্তাহিক ছুটি। কেউ যদি ৬ আগস্ট অর্জিত ছুটি নেন, তাহলে ৬ আগস্টের পাশাপাশি ৫ আগস্টের এক দিন অথবা ৭ ও ৮ আগস্টের দুই দিনের যেকোনো একটি অংশও অর্জিত ছুটির হিসাবে গণনা হতে পারে। ফলে বাইরে থেকে এটি টানা চার দিনের ছুটি মনে হলেও বাস্তবে কর্মচারীর ছুটির হিসাব থেকে একাধিক দিন কাটা যেতে পারে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটি নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবে বিষয়টি তেমন নয়। দুই ছুটির মাঝখানে অর্জিত ছুটি নিলে সংযুক্ত ছুটির একটি অংশও অর্জিত ছুটির হিসাবেই গণনা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, অনেকেই মনে করেন এক দিন ছুটি নিলেই চার দিনের অবকাশ পাওয়া যায়। কিন্তু বাস্তবে সংযুক্ত ছুটিও অর্জিত ছুটির হিসাব থেকে কাটা যেতে পারে। ফলে এতে অনেক ক্ষেত্রে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে।

তিনি আরও জানান, এ ধরনের ছুটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভরশীল। দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে একসঙ্গে সবাইকে এভাবে ছুটি দেওয়া সম্ভব হয় না। তাই বাস্তবে খুব কমসংখ্যক সরকারি কর্মচারী এই সুবিধা গ্রহণ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে