ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস

২০২৬ আগস্ট ০৫ ১২:৪৪:২৮
জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়; এটি দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলনের প্রতীক।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। তার ভাষায়, ‘আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনের একটি মাস।’ এই সময়ে অন্যায়ের বিরুদ্ধে জাতির অভূতপূর্ব ঐক্য ও সাহসের প্রকাশ ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস বলেন, আন্দোলনে স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পেশার নাগরিক নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসকেরা আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতারও বিশেষ প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বলেন, নারীদের এই ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একইভাবে শিক্ষার্থীদের নেতৃত্বও আগামী দিনের তরুণদের অনুপ্রাণিত করবে।

জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, দেশের মানুষ একসঙ্গে দাঁড়ালে সবচেয়ে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও পরিবর্তন করা সম্ভব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে