ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

২০২৬ জুলাই ৩০ ২১:৩২:১৭
পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর নতুন বেতনকাঠামোর গেজেট বা প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ পেতে কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই। তিনি জানান, পে স্কেল নিয়ে প্রয়োজনীয় কাজ এগিয়ে চলছে এবং প্রজ্ঞাপন জারিতেও বেশি সময় লাগবে না।

এ বিষয়ে বারবার মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে আমির খসরু বলেন, নতুন বেতনকাঠামো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। তাই বিষয়টি চূড়ান্ত হলে তিনি একবারেই বিস্তারিতভাবে সব তথ্য তুলে ধরবেন।

অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে আইএমএফ সরাসরি কোনো আপত্তি জানায়নি। এমনকি এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারও সংস্থাটির নেই। তবে বেতনকাঠামো বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে, সে বিষয়ে জানতে চেয়েছে আইএমএফ। পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে তারা।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ তৈরির লক্ষ্যে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১২ থেকে ১৬ জুলাই আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে তারা রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং নতুন বেতনকাঠামো বাস্তবায়নের অর্থায়নের উৎস সম্পর্কে জানতে চায়।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে আইএমএফের ৫৫০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি ২০২৩ সালের ৩০ জানুয়ারি শুরু হয়। সাত কিস্তিতে ঋণ ছাড়ের পরিকল্পনা থাকলেও পাঁচ কিস্তি পাওয়ার পর তা আর এগোয়নি। বর্তমানে সংস্থাটির সঙ্গে ৪০০ কোটি ডলারের বেশি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে