ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর

২০২৬ জুলাই ২৯ ১৬:৪৬:৫২
সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এক শিশুর নির্মল হাসির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দুই হাত বাড়িয়ে থাকা সেই হাসিমাখা কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। ভাইরাল হওয়া সেই ছবির পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে তাহসিন।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাহসিন। এ সময় প্রধানমন্ত্রী তার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং তার স্বপ্ন পূরণে উৎসাহ দেন।

তবে তাহসিনের হাসির পেছনে রয়েছে এক বেদনাদায়ক স্মৃতি। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সে হারায় তার বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও তারা সেদিন আলাদা ভবনে ছিল। দুর্ঘটনার পর আহতদের জন্য স্যালাইন ও পানি হাতে নিয়ে বোনকে খুঁজতে ছুটে গিয়েছিল ছোট্ট তাহসিন। কিন্তু সেই অপেক্ষার আর শেষ হয়নি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই দুর্ঘটনার পর থেকে অনেকটাই বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে সে লিখেছিল, বোনকে হারানোর কষ্ট আজও তাকে তাড়িয়ে বেড়ায় এবং সে তাকে সবচেয়ে বেশি মিস করে।

গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণের সময় তাহসিনের উচ্ছ্বসিত হাসির মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ শিশুটির হাসিতে আবেগাপ্লুত হন।

পরে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টি এলে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় তাহসিন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জানতে চান, বড় হয়ে সে কী হতে চায়। জবাবে তাহসিন জানায়, সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে।

তাহসিনের স্বপ্নের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা, নিয়মিত খেলাধুলা এবং লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং একটি ড্রোন সেট তাহসিনের হাতে উপহার হিসেবে তুলে দেন।

সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করার সুযোগ পেয়ে সে খুব আনন্দিত। পুরো বিষয়টি তার কাছে ছিল অপ্রত্যাশিত একটি চমক। স্কুলে গিয়ে বন্ধুদের কাছে এই অভিজ্ঞতার গল্প শোনানোর জন্যও সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তাহসিন আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো আন্তরিকভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে দেখার সুযোগও তার হয়েছে এবং সেখানে থাকা গাড়ি ও জাহাজের রেপ্লিকাগুলো তাকে মুগ্ধ করেছে। বাবার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তোলে সে।

সাক্ষাৎকালে মাইলস্টোনের দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে