ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নিবন্ধন নবায়নে অনিয়মের অভিযোগ, চাপে ডিএসই

২০২৬ জুলাই ২৮ ১৬:২০:২৪
নিবন্ধন নবায়নে অনিয়মের অভিযোগ, চাপে ডিএসই

নিজস্ব প্রতিবেদক: মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নের সুপারিশে অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যাখ্যা দিতে তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে পাঁচ কার্যদিবসের মধ্যে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়নসহ নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে একটি সুনির্দিষ্ট সুপারিশ কমিশনে জমা দিতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ১০২২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

কমিশন সূত্রে জানা গেছে, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত ডিএসইর সুপারিশ পর্যালোচনা করে গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। বিএসইসির পর্যবেক্ষণে দেখা যায়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নিবন্ধন নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ পাঠিয়েছে।

কমিশনের মতে, এ ধরনের সুপারিশ সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর রেগুলেটরি দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতার ইঙ্গিত বহন করে।

বিষয়টি নিয়ে কমিশন আগে ডিএসইর কাছে ব্যাখ্যা চেয়েছিল। জবাবে ডিএসই প্রয়োজনীয় তথ্যসহ ফরম ‘ছ’ পূরণ করে পাঠালেও, মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুস্পষ্ট রেগুলেটরি মতামত দেয়নি বলে জানিয়েছে বিএসইসি।

এ পরিস্থিতিতে ডিএসই কেন বিধিমালা অনুযায়ী স্পষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি কমিশনের চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে বিধিমালার আলোকে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ এবং পূর্ণাঙ্গ রেগুলেটরি মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়ন বিষয়ে একটি সুনির্দিষ্ট মতামত কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টদের মতে, এ ঘটনায় বিএসইসি ডিএসইর তদারকি ও নিয়ন্ত্রক কার্যক্রমের মান আরও কঠোরভাবে মূল্যায়নের বার্তা দিয়েছে। একই সঙ্গে ব্রোকার ও ডিলার নিবন্ধন নবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকেও কমিশনের নজরদারি বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে