ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তার নিয়ে বড় ইউটার্ন, যা বললেন মামদানি

২০২৬ জুলাই ২৩ ১০:৪৯:২৮
নেতানিয়াহুকে গ্রেপ্তার নিয়ে বড় ইউটার্ন, যা বললেন মামদানি

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করলেও তা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরের মেয়র জোহরান মামদানি।

সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনি পর্যালোচনার পর তাদের প্রশাসন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, আইসিসির পরোয়ানা কার্যকর করার এখতিয়ার কেবল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের রয়েছে।

এর আগে মেয়র নির্বাচনের প্রচারণার সময় মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির পরোয়ানা কার্যকরের চেষ্টা করবেন। চলতি মাসের শুরুতেও তিনি বিষয়টি নিয়ে আইনি সম্ভাবনা যাচাইয়ের কথা জানিয়েছিলেন।

মামদানি বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আইসিসিতে যোগ দিয়ে আদালতের পরোয়ানা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্রে গেলে পরোয়ানাভুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

তবে আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করলেও নেতানিয়াহুর বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে আসেননি মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুকে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না। এছাড়া এক সাক্ষাৎকারে তিনি তাকে "যুদ্ধাপরাধী" বলে উল্লেখ করে বলেন, তার বিচার হওয়া উচিত হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং যুক্তরাষ্ট্রও ওই পরোয়ানার বিরোধিতা করে আসছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে