ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

বিশ্ব পাসপোর্ট সূচকে নতুন অবস্থান, বাংলাদেশের পাশে উত্তর কোরিয়া

২০২৬ জুলাই ২২ ১৯:২০:৩৬
বিশ্ব পাসপোর্ট সূচকে নতুন অবস্থান, বাংলাদেশের পাশে উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে দেশটির অবস্থান ছিল ৯৫তম। নতুন সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে কতটি দেশে ভ্রমণ করতে পারেন, সেটিই সূচকের মূল মানদণ্ড।

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। ২০২৬ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের সূচকে এই সংখ্যা ছিল ৩৭। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি সহজ ভ্রমণ সুবিধার গন্তব্য হারিয়েছে।

তবে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার দেশের সংখ্যা কমলেও গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। ২০২৫ সালের একই সময়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

হেনলি সূচকের ইতিহাস অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। ২০২১ সালে তা নেমে যায় ১০৮তম স্থানে। এরপর ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২৪ সালে আবার ৯৭তম স্থানে উঠে আসে। ২০২৫ সালে অবস্থান নেমে যায় ১০০তমে। ২০২৬ সালের জানুয়ারিতে উন্নতি হয়ে ৯৫তম হলেও জুলাইয়ের সূচকে তা আবার ৯৭তম হয়েছে।

২০২৬ সালের সর্বশেষ সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত রয়েছে ১৮৮টি ভ্রমণ গন্তব্য। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার পাসপোর্ট দিয়ে ১৮৭টি দেশে ভ্রমণ করা যায়।

চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত রয়েছে ১৮৫টি গন্তব্য।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি রয়েছে ৫২তম স্থানে এবং তাদের নাগরিকরা ৯৩টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান।

এরপর রয়েছে ভারত, যার অবস্থান ৮১তম। ভারতীয় নাগরিকরা ৫৫টি দেশে সহজে ভ্রমণের সুবিধা পান। ভুটান রয়েছে ৮৮তম, মিয়ানমার ৯১তম এবং শ্রীলঙ্কা ৯৪তম অবস্থানে।

বাংলাদেশ রয়েছে ৯৭তম স্থানে। বাংলাদেশের পরেই ৯৮তম অবস্থানে রয়েছে নেপাল, যাদের নাগরিকরা ৩৪টি দেশে সহজ ভ্রমণ সুবিধা পান। পাকিস্তান রয়েছে ১০১তম স্থানে, যেখানে তাদের নাগরিকদের জন্য উন্মুক্ত গন্তব্য ২৯টি।

সবচেয়ে নিচের দিকে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, যা ১০৪তম অবস্থানে রয়েছে। দেশটির নাগরিকরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে