ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ জুলাই ১৩ ১৫:৪৬:৩১
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অবকাঠামোগত ত্রুটি সংশোধনের দাবি জানিয়ে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় কোনো পদক্ষেপ না নিলে সরকারের সমালোচনার মুখে পড়তে হতো।

তিনি জানান, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ত্রুটি দূর করতে প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে।

মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি মিললে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলা বিচারাধীন থাকায় আইনি প্রক্রিয়া আদালতের মাধ্যমেই চলবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এ মুহূর্তে আদ-দ্বীন হাসপাতালকে কোনো চূড়ান্ত ছাড় দেওয়া হয়নি। পুনরায় পরিদর্শনের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে