ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড উত্থান শেয়ারবাজারে

২০২৬ জুন ০২ ১৪:৩৯:৪৩
তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির পরও দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২ জুন) লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান রেকর্ড হয়েছে। একই সঙ্গে সবকটি সূচক ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি লেনদেনের পরিমাণও হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় বাজারে বিনিয়োগকারীদের আস্থাও আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা কমেছে। ঈদের আগ থেকেই শেয়ারবাজারে ধারাবাহিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে এবং নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে। তবে বাজারের স্বাভাবিক গতি বজায় রাখতে কার্যকর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪০৬ দশমিক ২০ পয়েন্টে পৌঁছেছে। এটি গত তিন মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান। এর আগে গত ২ মার্চ ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৫৩৪ পয়েন্ট।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯ দশমিক ২৮ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪৯ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৩০টির দর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। মঙ্গলবার ডিএসইতে মোট ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৯১২ কোটি ৩৮ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৬৮ কোটি ৪ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা বজায় ছিল। এদিন সিএসইতে ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৪ কোটি ৩৯ লাখ টাকার তুলনায় বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। বিপরীতে দর কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির।

এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮০ দশমিক ৮৪ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসে সূচকটির উত্থান ছিল ৬১ দশমিক ০২ পয়েন্ট। ফলে চট্টগ্রাম বাজারেও বিনিয়োগকারীদের ইতিবাচক অংশগ্রহণের প্রতিফলন দেখা গেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে