ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

একই বাসায় ছিলেন মা-মেয়ে, তবু ৮ দিন পর মিলল মরদেহ!

২০২৬ জুন ০২ ১১:৫০:২০
একই বাসায় ছিলেন মা-মেয়ে, তবু ৮ দিন পর মিলল মরদেহ!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধা নারীর পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর-৬ এলাকার সি ব্লকের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে রোববার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় সাত থেকে আট দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরার কারণে মৃত্যুর সময়কাল সম্পর্কে এমন ধারণা করা হচ্ছে।

পল্লবী থানা পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্ল্যাটটি নুরজাহান বেগমের মেয়ের নামে। মা ও মেয়ে একই বাসায় পৃথক কক্ষে বসবাস করতেন। প্রতিবেশীদের দাবি, যে কক্ষে বৃদ্ধা থাকতেন সেটি অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, রোববার নুরজাহান বেগমের মেয়ে তার মাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে একজন নার্সকে খবর দেন। পরে ওই নার্স কক্ষে প্রবেশ করে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন।

ওসি আরও বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি এবং পরিবারের সদস্যদের বক্তব্যসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, নুরজাহান বেগমের দুই ছেলে রয়েছেন। তাদের একজন যুগ্ম সচিব এবং অন্যজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। ঘটনার খবর পেয়ে একজন ছেলে ঘটনাস্থলে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সার্বিক দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে