ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৭

২০২৬ জুন ০২ ১১:৪৪:৪৫
তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ার এবং মিছিলের চেষ্টা করার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তারা মিছিলের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, জানাজা শেষে কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরে সেখান থেকে সাতজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তোফায়েল আহমেদ ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে