ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

বেক্সিমকো বন্ডহোল্ডারদের সম্মতি নিতে সময় বাড়াল বিএসইসি

২০২৬ মে ০৩ ২০:১৬:৫৬
বেক্সিমকো বন্ডহোল্ডারদের সম্মতি নিতে সময় বাড়াল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো-কুপন বন্ডের বকেয়া অর্থ পরিশোধে আরও ৩০ কার্যদিবস সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত পরিশোধ পরিকল্পনার বিষয়ে বিনিয়োগকারীদের অনাপত্তি সনদ (এনওসি) সংগ্রহের সুযোগ তৈরি করতেই এই সময় বাড়ানো হয়েছে।

সম্প্রতি কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, নির্ধারিত সময় পার হলেও অনেক বিনিয়োগকারী এখনও বন্ডের প্রাপ্য অর্থ পাননি। এ পরিস্থিতিতে একটি সংশোধিত রিডেম্পশন পরিকল্পনা তৈরি করা হয়েছে, যা বাস্তবায়নের আগে বন্ডহোল্ডারদের সম্মতি নেওয়া প্রয়োজন।

এ লক্ষ্যে বন্ডটির ট্রাস্টি প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সময় বৃদ্ধির আবেদন করে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং যথাযথ প্রক্রিয়ায় সম্মতি নিশ্চিত করতে কমিশন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ কার্যদিবস অতিরিক্ত সময় অনুমোদন দিয়েছে।

মূলত নির্ধারিত সময়ের মধ্যে সব বিনিয়োগকারীর মতামত সংগ্রহ করা সম্ভব না হওয়ায় এই সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

বন্ডটির অর্থ পরিশোধে বিলম্ব হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এ সংকট নিরসনে কোম্পানিটি নতুন একটি পরিশোধ পরিকল্পনা জমা দেয়, যা কার্যকর করতে অধিকাংশ বন্ডহোল্ডারের সম্মতি প্রয়োজন।

বর্ধিত সময়ের মধ্যে ট্রাস্টি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় অনাপত্তি সংগ্রহের কাজ সম্পন্ন করবে বলে জানানো হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এই অতিরিক্ত সময়ের মধ্যেই ট্রাস্টি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সব সম্মতি সংগ্রহ করতে হবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থার অবস্থান আরও দৃঢ় হয়েছে। এতে বেক্সিমকো ও বিনিয়োগকারীদের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি হয়েছে এবং পাওনা আদায়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে