ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

জরিমানা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা—নতুন ট্রাফিক কড়াকড়ি

২০২৬ মে ০৩ ১৯:১৩:২২
জরিমানা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা—নতুন ট্রাফিক কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে স্বয়ংক্রিয় (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো শুরু করেছে ডিএমপি। নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে এই কার্যক্রম চালু করা হয়েছে। এর আওতায় রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে যানবাহনের মালিক ও চালকদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিএমপি সদর দপ্তর বা ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোটিশ পাওয়ার পরও কেউ হাজির না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে।

এছাড়া ডিএমপি সতর্ক করে জানিয়েছে, সিসি ক্যামেরার মামলার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা চক্র অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে দ্রুত নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং এবং লেন ব্লক করার মতো অপরাধ শনাক্ত করে ডিজিটাল প্রসিকিউশন কার্যক্রম চালানো হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে