ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

শেয়ারবাজারে দুর্বল সূচনা, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

২০২৬ মে ০৩ ১৪:৩৩:৫৮
শেয়ারবাজারে দুর্বল সূচনা, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। রোববার (৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও নিম্নমুখী ছিল।

বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ডিভিডেন্ড মৌসুমে সূচক ও লেনদেন একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ডিএসইএক্স সূচক ৫ হাজার ২০০ থেকে ৫ হাজার ৩০০ পয়েন্টের মধ্যে ওঠানামা করছে, আর দৈনিক লেনদেন ৭০০ থেকে ১ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর আগে বাজার যে ঊর্ধ্বমুখী ধারা দেখাচ্ছিল, তা অব্যাহত থাকলে এখন সূচক ৬ হাজার পয়েন্টের উপরে থাকত এবং লেনদেন ২ হাজার কোটি টাকার বেশি হতে পারত। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারের গতি পরিবর্তিত হয়েছে। যদিও দীর্ঘমেয়াদে বাজার ঘুরে দাঁড়াবে বলে তারা আশা প্রকাশ করেন এবং বড় ধরনের ধসের আশঙ্কা নেই বলেও মত দেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইএক্স সূচক ২১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৫.৩৯ পয়েন্টে। একই সময়ে ডিএসইএস সূচক ২.৪৫ পয়েন্ট কমে ১ হাজার ৫০.৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮.৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৫টির শেয়ারদর বেড়েছে, ১৮০টির কমেছে এবং ৫১টির অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও কমেছে। দিনশেষে ডিএসইতে প্রায় ৮২৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের প্রায় ৮৬৪ কোটি ২ লাখ টাকার তুলনায় কম। অর্থাৎ লেনদেন কমেছে প্রায় ৩৪ কোটি ৬৫ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৪৮ কোটি ৩৩ লাখ টাকার তুলনায় কম।

সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দর বেড়েছে, ৮০টির কমেছে এবং ২৮টির পরিবর্তন হয়নি।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.২২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৫.৯৭ পয়েন্টে নেমেছে। আগের দিন সূচকটি ৯৩.৯৪ পয়েন্ট কমেছিল।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে