ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

২০২৬ এপ্রিল ২০ ১৯:০৫:৫৮
গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মো. সোলায়মান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় প্রধান আসামি মো. সোলায়মান আদালতে অনুপস্থিত ছিলেন; তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান কবির জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আয়শা খানমের গায়ের রং কালো হওয়াকে কেন্দ্র করে স্বামী সোলায়মান প্রায়ই তার সঙ্গে ঝগড়া করতেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর করেন। পরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে গালুটিয়া এলাকার একটি বাঁশঝাড়ে ফেলে দেন তিনি। পরদিন স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় নিহতের মামা আদম আলী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৬ সেপ্টেম্বর পুলিশ স্বামী সোলায়মানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ প্রায় ১৯ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মামলার অপর তিন আসামি—শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও ভাসুরকে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়।এ রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে