ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

“চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা

২০২৬ এপ্রিল ১৭ ১১:০৯:২৭
“চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান-কে উদ্দেশ করে ‘অপ্রিয় সত্য’ শিরোনামে একটি খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ক্ষমতায় থাকার কারণে প্রধানমন্ত্রীর আশপাশের অনেকেই বাস্তবতা তুলে ধরতে সংকোচ বোধ করেন বা ভয় পান। এ কারণে কিছু ‘অপ্রিয় সত্য’ তুলে ধরার প্রয়োজন অনুভব করেছেন বলে জানান তিনি।

অতিরিক্ত তোষামোদির সমালোচনা করে শিশির মনির বলেন, অতীতেও এমন প্রবণতার কারণে অনেকেই সমালোচিত হয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ঘিরেও একই ধরনের চর্চা দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে ঘোষণা করার দাবি, টাইম ম্যাগাজিনে প্রভাবশালীদের তালিকায় থাকার পর অভিনন্দন প্রস্তাব, কোনো সরকারি দায়িত্ব ছাড়াই তার মেয়ে জাইমা রহমানকে প্রোটোকল দেওয়া, সংসদে ঐতিহাসিক ব্যক্তিত্বদের সঙ্গে তুলনা করা, কিংবা ব্যক্তিকেন্দ্রিক সম্মাননা প্রদান—এসব বিষয় জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।

তবে সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি। সাধারণ জীবনযাপন, সীমিত প্রোটোকল ব্যবহার, নিয়মিত অফিস করা এবং দায়িত্বশীল আচরণকে ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

চিঠিতে আরও বলা হয়, গণ-অভ্যুত্থানের পর জনগণ এখন তোষামোদের বদলে কার্যকর কাজ দেখতে চায়। জনপ্রিয়তা নির্ধারিত হবে কর্মদক্ষতা ও সততার ভিত্তিতে—এমন মত দেন শিশির মনির।

পরিবারকেন্দ্রিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নতুন প্রজন্ম এখন যোগ্যতাকে বেশি গুরুত্ব দেয়। এছাড়া সরকারের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং ঘোষিত নীতিমালা থেকে বিচ্যুতি ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে সতর্ক করেন।

বিশেষ করে গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবস্থান পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

চিঠির শেষে জনস্বার্থে ইতিবাচক কাজের পক্ষে এবং জনবিরোধী কর্মকাণ্ডের বিপক্ষে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিশির মনির। পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্থতা ও কল্যাণ কামনা করেন।চিঠিটি শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে প্রকাশ করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে