ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

একসঙ্গে নিভে গেল দুই প্রাণ—ফরিদপুরে শোকের ছায়া

২০২৬ এপ্রিল ০১ ১৮:১৬:৩৩
একসঙ্গে নিভে গেল দুই প্রাণ—ফরিদপুরে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো মো. তাইব তাহরিম ও মো. তাহমিদ। তাদের বয়স ছিল প্রায় সাড়ে চার বছর। তারা উপজেলার ভুষণা লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা মো. আকাশ শেখের সন্তান।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া এলাকার একটি রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর এই যমজ সন্তানদের পেয়েছিল পরিবারটি। প্রতিদিনের মতো তাদের বাবা আকাশ শেখ কাজে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাবা জানান, তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকস দোকানে কাজ করছিলেন। হঠাৎ খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। দ্রুত স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুখালী রেল জংশনের স্টেশন মাস্টার মো. কাউছার মাহমুদ। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এটি রেল দুর্ঘটনা হওয়ায় রেলওয়ে পুলিশের উপস্থিতিতে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।

মর্মান্তিক এই ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে