ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

ঘুমের মধ্যেই মাকে হ/ত্যা! ছোট বোনকে নিয়ে উধাও কিশোর

২০২৬ মার্চ ৩১ ১০:৪১:০৮
ঘুমের মধ্যেই মাকে হ/ত্যা! ছোট বোনকে নিয়ে উধাও কিশোর

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাকে হত্যার অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার (৩০ মার্চ) সকালে সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাঁশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (৩৫) তার ছেলে মুরাদ হাসান (১৬) ও ছোট মেয়ে ইয়ামিন (৫)-কে নিয়ে রোববার রাতে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় মুরাদ হাসান তার মাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে।

পরে মরদেহ ঘরের এক কোণে ঢেকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ভোরের দিকে ছোট বোনকে নিয়ে পালিয়ে যায় সে।

সকালে ঘরে তালা দেখে পরিবারের অন্য সদস্যরা সন্দেহ করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং মুক্তা আক্তারের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, অভিযুক্ত কিশোর এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত এবং অনিয়মিত ছাত্র ছিল। মাদকের টাকার জন্য এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “রাতের কোনো এক সময় মুরাদ তার মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ লুকিয়ে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, নিহতের স্বামী বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মুরাদ হাসানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে