ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

কিশোরদের জন্য নতুন নিয়ম, রাত ১০টার পর রাস্তায় থাকা যাবে না

২০২৬ মার্চ ০৯ ১৯:০৯:৪৯
কিশোরদের জন্য নতুন নিয়ম, রাত ১০টার পর রাস্তায় থাকা যাবে না

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থান নিয়েছে বান্দরবান জেলা পুলিশ। রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান।

রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় বান্দরবান পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে এ ঘোষণা দেন তিনি।

পুলিশ সুপার বলেন, বান্দরবানে যাদের কিশোর গ্যাং বলা হচ্ছে, তাদের অনেকেই আসলে পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছে না। এ সময় তাদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত। এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলে ভবিষ্যতে শিক্ষাজীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে, তাই নামাজ শেষ হওয়ার পর ৩০ মিনিট পর্যন্ত পুলিশ অপেক্ষা করবে। এরপরও রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে তাকে আইনানুগ বিচারের মুখোমুখি করা হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে না দিয়ে নিজেদেরই খেয়াল রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কখন বাসায় ফিরছে—এসব বিষয়ে সচেতন থাকতে হবে। যদি রাত ১০টার মধ্যে কোনো কিশোর বাসায় না ফেরে, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, সত্যিকার অর্থে কোথাও কিশোর গ্যাং সক্রিয় থাকলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে