ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

ভোজ্যতেল নিয়ে বৈঠকের পর যা জানালেন মন্ত্রী

২০২৬ মার্চ ০৯ ১৯:০০:০৩
ভোজ্যতেল নিয়ে বৈঠকের পর যা জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কারণে সাময়িকভাবে কোথাও কোথাও সরবরাহে চাপ তৈরি হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশ পাওয়ায় পরিস্থিতি পর্যালোচনা করতে এ বৈঠক করা হয়। ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তিনি বলেন, কিছু ভোক্তা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন। এর ফলে কোনো কোনো দোকানে সাময়িকভাবে মজুত শেষ হয়ে যেতে পারে, তবে সামগ্রিকভাবে বাজারে তেলের ঘাটতি নেই।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী জানান, রাজধানীর একটি বাজার পরিদর্শনে তিনি দেখেছেন বড় দোকানগুলোতে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে এবং বোতলে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটা করার প্রয়োজন নেই। এতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

মন্ত্রী আরও জানান, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

তিনি জোর দিয়ে বলেন, জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে