ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা

২০২৬ মার্চ ০৪ ১০:১৮:৪৫
ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। এর আগে সংবাদমাধ্যমটি জানায়, আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। জানাজা শেষে তাকে নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে। পাশাপাশি রাজধানী তেহরানে বড় পরিসরে গণশোক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

তবে জানাজা বা স্মরণানুষ্ঠানের তারিখ ও সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স দুইটি মার্কিন সূত্র ও একটি অবগত সূত্রের বরাতে জানায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় আয়াতুল্লাহ খামেনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনি ও তার কয়েকজন শীর্ষ সহযোগী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি শামখানি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোরও ছিলেন বলে জানানো হয়।

অন্যদিকে, ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার আগে খামেনি একটি সুরক্ষিত স্থানে আলি শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি লারিজানির সঙ্গে বৈঠক করছিলেন।

এদিকে, আল জাজিরা আয়াতুল্লাহ খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে ভবনটিকে আংশিক ধ্বংসপ্রাপ্ত ও চারপাশ কালো হয়ে থাকতে দেখা গেছে, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে