ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

অর্থনৈতিক চাপে শিল্পখাত, সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদক্ষেপ

২০২৬ মার্চ ০৩ ১৬:০৪:৩৬
অর্থনৈতিক চাপে শিল্পখাত, সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চাপে রপ্তানি খাতে সৃষ্ট টানাপড়েনের প্রেক্ষাপটে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩ মার্চ) ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে পরিচালক মো. বায়েজীদ সরকারের সই রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হয়েছে। পাশাপাশি রপ্তানি ধারাবাহিকভাবে নিম্নমুখী, ক্রয়াদেশ স্থগিত বা পিছিয়ে যাওয়া এবং তারল্য সংকটের কারণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ফলে শ্রমিক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে সক্ষমতা কমে গেছে।

এই প্রেক্ষাপটে উৎপাদন সক্ষমতা বজায় রাখা এবং রপ্তানি প্রবাহ সচল রাখতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন সহায়তা দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

সার্কুলার অনুযায়ী, সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা সময়মতো পরিশোধের জন্য ব্যাংকগুলো চলতি মূলধন ঋণসীমার বাইরে বিশেষ মেয়াদি ঋণ সুবিধা দিতে পারবে।তবে এই ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হবে না।

যেসব শিল্প প্রতিষ্ঠান মোট উৎপাদনের কমপক্ষে ৮০ শতাংশ রপ্তানি করে, সেগুলোকে রপ্তানিমুখী শিল্প হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করেছে, সেগুলোকে সচল প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে।

সচল ও রপ্তানিমুখী হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন—যেমন বিজিএমইএ ও বিকেএমইএ—এর প্রত্যয়নপত্রের মাধ্যমে নিশ্চিত করতে হবে।এ ঋণের বিপরীতে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে