ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভূমিকম্পের সময় যা করবেন, যা থেকে দূরে থাকবেন

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৫:০৫:০০
ভূমিকম্পের সময় যা করবেন, যা থেকে দূরে থাকবেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সিএসইএম সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল খুলনার সাতক্ষীরার আশাশুনি এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

এর আগে ২৬ ফেব্রুয়ারি দুপুরে দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। ভারতের সিকিমে উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পের উৎস ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া অত্যন্ত জটিল এবং কোনো নির্দিষ্ট কম্পনকে পূর্বনির্ধারিতভাবে বলা সম্ভব নয়। তাই দেশের জন্য সরকারিভাবে সুসংগঠিত ভূমিকম্প মোকাবিলার পরিকল্পনা থাকা অত্যাবশ্যক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। তাদের ওয়েবসাইট অনুযায়ী, প্রথমে ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত না হওয়া উচিত।

যদি ভূমিকম্পের সময় বিছানায় থাকেন, তবে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে চলে যান।

বিম, কলাম বা পিলারের পাশে আশ্রয় নেওয়া নিরাপদ। শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে স্কুলব্যাগ মাথায় রেখে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে ঢেকে দিন। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি বা বৈদ্যুতিক খুঁটির থেকে দূরে খোলা জায়গায় আশ্রয় নিন।

গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট বা সিনেমা হলে থাকলে দরজার সামনে ভিড় না করে দুহাতে মাথা ঢেকে বসে থাকুন। ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করবেন না; মুখ কাপড়ে ঢেকে রাখুন যেন ধুলাবালু শ্বাসনালিতে না যায়।

একবার কম্পন থামলেও পুনরায় কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে খোলা জায়গায় চলে যান। ওপর তলায় থাকলে ঝাঁকুনি থামা পর্যন্ত অপেক্ষা করুন; তাড়াহুড়ো করে লাফ দেওয়া বা লিফট ব্যবহার করা থেকে বিরত থাকুন।

কম্পন থামলে সিঁড়ি ব্যবহার করে দ্রুত বেরিয়ে এসে খোলা আকাশের নিচে অবস্থান করুন। গাড়িতে থাকলে পদচারী সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটির থেকে দূরে গাড়ি থামান এবং ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন।

নিরাপদ থাকার জন্য বাড়িতে ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা জরুরি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে