ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

অপ্রত্যাশিত নিম্নমুখীতায় সপ্তাহ শেষ

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৩:৫৮:৪০
অপ্রত্যাশিত নিম্নমুখীতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক : অপ্রত্যাশিত দরপতনের মধ্য দিয়ে আজ (১৯ ফেব্রুয়ারি, ২০২৬) সপ্তাহের লেনদেন শেষ করেছে দেশের শেয়ারবাজার। টানা চার কার্যদিবস সূচক নিম্নমুখী থাকায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা বিস্ময় তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে সূচক ও লেনদেন আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা থাকলেও তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়িত হয়নি। তবে বাজারসংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে হতাশ বা আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তাদের মতে, সূচক যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল, পতনের গতি ততটা তীব্র নয়। সরকার দায়িত্ব গ্রহণের পর নীতিনির্ধারণী ও প্রশাসনিক বিষয়গুলো স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। তাই এ সময় বিনিয়োগকারীদের ধৈর্য ও সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও নিম্নমুখী ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ২০ পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৫ দশমিক ৯৩ পয়েন্টে। একইদিনে ডিএসইএস সূচক ১০ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৫ দশমিক ০৯ পয়েন্টে নেমেছে। আর ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ১২ দশমিক ১৬ পয়েন্ট, অবস্থান করছে ২ হাজার ৯৭ দশমিক ৮৭ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৬টির দর বেড়েছে, ৩১৩টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে প্রায় ৫৫৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল প্রায় ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৩৮১ কোটি ৯৪ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রামের বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ আজ ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৯৭ লাখ টাকা।

সিএসইতে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১২০টির এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৬ দশমিক ৯৫ পয়েন্টে। আগের কার্যদিবসেও সূচকটি ৮৫ দশমিক ৩৫ পয়েন্ট হ্রাস পেয়েছিল।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এই সংশোধনী প্রবণতা সাময়িক হতে পারে। নীতিগত স্থিতিশীলতা ফিরে এলে বাজারে ইতিবাচক ধারা পুনরায় দেখা যেতে পারে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে