ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নতুন সরকার গঠনের প্রাক্কালে বাজারে হালকা সংশোধন

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৪:৫৩:২৮
নতুন সরকার গঠনের প্রাক্কালে বাজারে হালকা সংশোধন

নিজস্ব প্রতিবেদক: টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ এদিন সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর হ্রাস পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, টানা তিন দিনে প্রায় ৩৭২ পয়েন্ট সূচক বৃদ্ধির পর ১১ পয়েন্টের সামান্য পতন স্বাভাবিক বাজার আচরণেরই অংশ। তারা বলছেন, সূচকের ওঠানামা একটি সুস্থ বাজারের বৈশিষ্ট্য। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে—এমন প্রেক্ষাপটে বাজারে ইতিবাচক প্রত্যাশা বজায় আছে। মাঝেমধ্যে সূচক কমলেও বড় ধরনের দরপতনের আশঙ্কা নেই বলে মনে করছেন তারা। ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে পুঁজি হারানোর ঝুঁকি কম এবং মুনাফার সম্ভাবনা বেশি—এমন মতও দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.০৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৯.৫৫ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৬২ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ১১৮.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫.৭৬ পয়েন্টে নেমেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৩টির দর বেড়েছে, ২১৮টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। সোমবার ডিএসইতে প্রায় ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৮ কোটি ৬ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ এদিন ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৬৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫২৬.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ৪৮৪.৩৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

সব মিলিয়ে টানা উত্থানের পর বাজারে এ দিনের সংশোধনকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে