ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১০:৫১:৪৩
১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে দলটি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। জোটের শরিকদের ৩টি আসনসহ বিএনপি জোটের মোট আসন দাঁড়াচ্ছে ২১২। আদালতের নির্দেশে স্থগিত থাকা আরও দুটি আসনের ফল ঘোষণার পর এ সংখ্যা বাড়তে পারে। সংরক্ষিত নারী আসন যুক্ত হলে জোটের সংসদীয় শক্তি আরও বৃদ্ধি পাবে।

২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের অধীনে বিএনপি এককভাবে ১৯৩টি এবং জোটগতভাবে ২১৬টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এবার দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনিই প্রধানমন্ত্রী হচ্ছেন।

নেতৃত্বে অভিজ্ঞতা ও নবীনদের মিশ্রণ

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির যাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন, সবাই জয়ী হয়েছেন। নির্বাচিতদের মধ্যে প্রবীণদের পাশাপাশি তরুণ নেতৃত্বও রয়েছে। ছয়জন নারী সদস্য জয়ী হয়েছেন, যা দলটির ভেতরে বৈচিত্র্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকেও চারজন প্রার্থী বিএনপির হয়ে জয়ী হয়েছেন—গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), বান্দরবান থেকে সাচিং প্রু এবং রাঙামাটি থেকে দীপেন দেওয়ান।

প্রবীণদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও আলতাফ হোসেন চৌধুরীর মতো নেতারা রয়েছেন। তরুণদের মধ্যে সাঈদ আল নোমান, মীর হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ ও ফারজানা শারমীন নির্বাচিত হয়েছেন।

জোট ও বিরোধী দলের চিত্র

জোটসঙ্গীদের মধ্যে গণসংহতি আন্দোলন–এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ)–এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং গণ অধিকার পরিষদ–এর সভাপতি নুরুল হক নির্বাচিত হয়েছেন।

এবার প্রধান বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ৭৭টি আসন নিয়ে সংসদে শক্ত অবস্থান তৈরি করেছে, যা ২০০১ সালের পর তাদের সর্বোচ্চ প্রতিনিধিত্ব। তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ নির্বাচনে পরাজিত হয়েছেন।

গণভোট ও সংস্কারের চ্যালেঞ্জ

সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট ২ কোটি ২৫ লাখের বেশি। ফলে জুলাই সনদভিত্তিক সংস্কার বাস্তবায়নের দায়িত্ব নতুন সরকারের ওপর বর্তাবে।

জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণহানি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যায়। সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এ। বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা নতুন সরকারের জন্য বড় দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

আঞ্চলিক চিত্র

ফল বিশ্লেষণে দেখা গেছে, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা—এই আট জেলায় কোনো আসন পায়নি বিএনপি। মোট ৩০টি আসনে দলটির শূন্যতা দেখা গেছে। অন্যদিকে রাজধানীর ১৬টি আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছে বিএনপি; ৬টিতে জয়ী হয়েছে জামায়াত এবং ১টিতে তাদের মিত্র জাতীয় নাগরিক পার্টি।

অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, বিপুল সংসদীয় শক্তি যেমন স্থিতিশীলতা আনার সুযোগ তৈরি করে, তেমনি আত্মতুষ্টির ঝুঁকিও থাকে। তাই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে সংস্কার বাস্তবায়নে সতর্ক পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে