ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ২১:৪২:৫৩
তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ ২০ বছর পর আবারও সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নীতিনির্ধারক ও দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জন-আকাঙ্ক্ষা পূরণ ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে একটি ‘ছোট কিন্তু কার্যকর’ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করছেন দলটির চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান।

এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয় পেয়েছে । অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। এই বিপুল বিজয়কে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট হিসেবে দেখছে বিএনপি, যার প্রতিফলন থাকবে আসন্ন মন্ত্রিসভার কাঠামোতেও।

তারেক রহমানের ঘোষিত মানদণ্ড অনুযায়ী—স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা এবং গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা নেতাদেরই প্রাধান্য দেওয়া হবে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি অথবা কোনো প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতাদের জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রায় নিশ্চিত বলে জানা গেছে। নির্বাচন না করলেও নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে টেকনোক্রেট কোটায় সরকারে যুক্ত করার জোরালো সম্ভাবনা রয়েছে।

নির্বাচনী মিত্রদের প্রতি সম্মান জানিয়ে জোটে থাকা আন্দালিভ রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নুরকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে দলটির নীতিনির্ধারকরা। এমনকি নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে ববি হাজ্জাজ ও ড. রেজা কিবরিয়ার মতো নেতাদেরও বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া নারী ও তরুণ নেতৃত্ব হিসেবে শামা ওবায়েদ, রুমিন ফারহানা এবং ব্যারিস্টার পুতুলদের মতো প্রার্থীদের নিয়ে বড় পরিকল্পনা রয়েছে হাইকমান্ডের।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বা ‘রোডম্যাপ’ ঘোষণা করবে, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘৩১ দফা’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার করাই হবে তাদের মেধা ও প্রযুক্তি নির্ভর নতুন সরকারের মূল লক্ষ্য।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে