ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সবচেয়ে কম বয়সে এমপি হয়ে রেকর্ড

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ২১:৩৩:০০
সবচেয়ে কম বয়সে এমপি হয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করেছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মাত্র ৪১ বছর বয়সে তিনি এই আসনের প্রথম নারী এবং সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। রাজশাহী বিভাগের মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী যিনি এবারের নির্বাচনে বিজয়ী হতে পেরেছেন, যার মাধ্যমে দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির এই হারানো দুর্গটি তিনি পুনরুদ্ধার করলেন।

হস্পতিবার রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে সংগ্রহ করেছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

ফারজানা শারমিন পুতুল বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা। উল্লেখ্য, তার বাবা ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার এই আসনের সংসদ সদস্য ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে হাতছাড়া হওয়ার পর গত দেড় দশকে রাজনৈতিক পটপরিবর্তনে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাবার উত্তরসূরি হিসেবে পুনরায় আসনটি উদ্ধার করে তিনি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

নির্বাচনে ঐতিহাসিক এই জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্যারিস্টার পুতুল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এই বিজয়কে লালপুর ও বাগাতিপাড়ার সর্বস্তরের মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে নির্বাচনী ময়দানে দিনরাত পরিশ্রম করা দলীয় নেতা-কর্মীদের প্রতিও তিনি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে