ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ০৯:৪৫:৩৮
ফল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক : অতীতের সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে—এমন শঙ্কাও নাকচ করেছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন ঘিরে যে শঙ্কাগুলো ছিল, সেগুলো সবার সহযোগিতায় ইতোমধ্যে কাটিয়ে ওঠা গেছে। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে নির্বাচন কমিশন।

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হওয়ায় ফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, কোনোভাবেই তিন দিন সময় লাগবে না। বরং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে দ্রুত ফল সংগ্রহ করা যাবে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে সামান্য বিলম্ব হতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনকে ঘিরে সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করবেন। অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।

নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থা সম্পর্কে ইসি আনোয়ারুল বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে। প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রীয় মনিটরিং সেলে তথ্য পাঠানো হবে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ সার্বক্ষণিকভাবে কাজ করবে বলে জানান তিনি।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে