ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিকাশ-নগদে হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২০:২০:১১
বিকাশ-নগদে হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে রবিবার (৮ ফেব্রুয়ারি) জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে বিকাশ, রকেট বা নগদের মতো সেবায় একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। মূলত নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার ঠেকাতেই কেন্দ্রীয় ব্যাংক এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়ে পরবর্তী ৯৬ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সীমাবদ্ধতা বজায় থাকবে। এই সময়ে এমএফএস গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেনের সুযোগ পাবেন। তবে একজন গ্রাহক দিনে ১০ বারের বেশি টাকা পাঠাতে পারবেন না এবং প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হবে মাত্র ১০০০ টাকা।

নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে যে, আইবিএফটি ও পিটুপি লেনদেনের ক্ষেত্রে এই কঠোর নিয়ম প্রযোজ্য হবে। তবে কেনাকাটার বিল পরিশোধ বা মার্চেন্ট পেমেন্ট এবং বিদ্যুৎ-গ্যাসের মতো ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। সাধারণ গ্রাহকদের ব্যক্তি হিসাব থেকে অন্য হিসেবে টাকা পাঠানোর যে স্বাধীনতা ছিল, তা নির্বাচনের এই বিশেষ সময়ে সাময়িকভাবে সংকুচিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভোটের আগে ও পরে অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করা এবং নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ রাখতেই এই ৯৬ ঘণ্টার জন্য বিশেষ সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়ের বাইরে অন্য সব ধরনের লেনদেন স্বাভাবিক থাকলেও ব্যক্তিগত লেনদেনে এই কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে