ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সরাসরি দেখবেন যেভাবে

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১০:৫৯:৩৬
শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সরাসরি দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক: আজ ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর শুরু হতে যাচ্ছে। তবে সেখানে প্রথমবারের মতো মাঠে নেই বাংলাদেশ দল। টাইগারদের অনুপস্থিতিতে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ ঘিরে আগ্রহ কিছুটা ম্লান হলেও, ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন না দর্শকরা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বাংলাদেশে বসেই দর্শকরা একাধিক প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা সরাসরি উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসির বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে র‍্যাবিটহোলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করেও লাইভ ম্যাচ দেখা যাবে।

ভারতে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস ও জিও হটস্টার। সেখানে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় ধারাভাষ্য থাকবে। এছাড়াও বাংলা, ভোজপুরি, মারাঠি, সাইন ল্যাঙ্গুয়েজ ও হরিয়ানিতেও ম্যাচ উপভোগের সুযোগ থাকবে।

যৌথ আয়োজক শ্রীলঙ্কায় দর্শকরা ডায়লগ টিভি ও সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি বিশ্বকাপ দেখতে পারবেন।

বিশ্বের অন্যান্য অঞ্চলেও রয়েছে সম্প্রচারের বিস্তৃত ব্যবস্থা। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় প্রাইম ভিডিও বিশ্বকাপ সম্প্রচার করবে।

পাকিস্তানে পিটিভি ও মাইকো টিভির পাশাপাশি অনলাইনে তামাশা, এআরওয়াই জাপ ও ট্যাপম্যাডের মাধ্যমে খেলা দেখা যাবে। পাকিস্তানের ম্যাচগুলোতে উর্দু ভাষায় আলাদা ধারাভাষ্যের ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টিভি, মধ্যপ্রাচ্যে ক্রিকলাইফ ম্যাক ও স্টারজপ্লে এবং ক্যারিবিয়ান অঞ্চলে ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো।

বাংলাদেশ মাঠে না থাকলেও, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য তাই পর্দায় পর্দায় জমে উঠছে বৈশ্বিক এই ক্রিকেট উৎসব।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে