ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আওয়ামী লীগের আসনে এখন দুই সাবেক মিত্রের লড়াই

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১২:১৯:৪৪
আওয়ামী লীগের আসনে এখন দুই সাবেক মিত্রের লড়াই

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) সংসদীয় আসনে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে। এক সময়ের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এবার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর এই দুর্গে এবার বাবার ঐতিহ্য ধরে রাখতে লড়ছেন তার ছেলে মাসুদ সাঈদী। অন্যদিকে, দীর্ঘ সময় আওয়ামী লীগের দখলে থাকা এই আসনটি পুনরুদ্ধার করে নিজেদের সাংগঠনিক শক্তি প্রমাণ করতে মরিয়া বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন।

মাসুদ সাঈদী চষে বেড়াচ্ছেন পিরোজপুরের মাঠ-ঘাট। তার প্রধান হাতিয়ার বাবা দেলোয়ার হোসেন সাঈদীর জনপ্রিয়তা এবং বিগত সময়ে তার করা উন্নয়ন কর্মকাণ্ড। মাসুদ সাঈদীর দাবি, তার বাবা সংসদ সদস্য থাকাকালীন হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষ শান্তিতে ছিল। ভোটারদের মধ্যে সেই আবেগ এবং ভালোবাসার প্রতিফলন ১২ ফেব্রুয়ারির ভোটে দেখা যাবে বলে তিনি আত্মবিশ্বাসী। বিশেষ করে নাজিরপুর উপজেলার ভোটারদের মন জয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের দাবি ভিন্ন। তার মতে, অতীতে দেলোয়ার হোসেন সাঈদী বিজয়ী হয়েছিলেন মূলত বিএনপির জোরালো সমর্থন ও নেতাকর্মীদের ভোটের কারণে। তিনি মনে করেন, কেবল পারিবারিক উত্তরাধিকারের আবেগে ভোট হবে না। ভোটাররা এবার ধানের শীষ প্রতীককেই বেছে নেবেন। দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়া সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলে তিনি আশাবাদী। নাজিরপুর উপজেলায় বিএনপির শক্ত সাংগঠনিক ভিত্তিকে তিনি জয়ের প্রধান চাবিকাঠি মনে করছেন।

পিরোজপুর-১ আসনের ভাগ্য নির্ধারণে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাজিরপুর উপজেলা। এই উপজেলায় মোট ভোটারের প্রায় ৪২.৫ শতাংশ বসবাস করেন, যার মধ্যে ২৯ শতাংশই হিন্দু সম্প্রদায়ের। এই বিশাল ভোটব্যাংক যে প্রার্থীর পক্ষে যাবে, তার পাল্লাই ভারী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৯৮৮ জন। এছাড়া ৪ হাজার ১৮৯ জন ভোটার ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই এই অঞ্চলের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা, যেখানে দুই প্রার্থীর মধ্যে সরাসরি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে